রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আছিয়া হত্যা মামলার রায় আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৮:৪১ এএম

আছিয়া হত্যা মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

মাগুরায় বহুল আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। এ রায়কে ঘিরে মামলার বাদীপক্ষ, আসামিপক্ষ এবং সংশ্লিষ্ট মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে সেদিন আদালত রায় ঘোষণা না করে নতুন করে ৩১ আগস্ট দিন ধার্য করেন।

গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়। শুনানিতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার নথি অনুযায়ী, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। রমজানের ছুটিতে সে ওই বাড়িতে বেড়াতে গিয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট বছর বয়সী আছিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার সব আসামিকে গ্রেপ্তার করে।

মামলাটির তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল থেকে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটির বিচারিক কার্যক্রম মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয়েছিল।

পরবর্তী সময়ে গত বছরের ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর চার দিন পর, ১৭ মে, মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

রায়ে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীবের ছোট ভাই এবং তার মা জাহেদা বেগম।

বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে আইন অনুযায়ী সেই সাজা কার্যকর করার আগে মামলার নথি অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠাতে হয়। সেই ধারাবাহিকতায় গত বছরের ২১ মে শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।

পরবর্তী সময়ে নথি যাচাই-বাছাই শেষে মামলার পেপারবুক প্রস্তুতের জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে পৌঁছায়। এরপর মামলাটি শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় আসে।

এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন মামলার সংশ্লিষ্টরা। আদালত আজ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখবেন, পরিবর্তন করবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত দেবেন—রায়ের পরই তা স্পষ্ট হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!