প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৪৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা ঘটলে তখনই প্রশাসনের প্রস্তুতি দৃশ্যমান হবে। কিছু বিষয় নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে, অতীতে কোনো নির্বাচনে তা করা হয়নি।
তিনি আরও বলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার এখন পর্যন্ত উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও তা না ঘটার আশাবাদ ব্যক্ত করেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সময় সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নির্বাচন কমিশন স্পষ্ট করেছে।



