প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৫২ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাসে সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সমর্থন, সহযোগিতা ও সমালোচনাকে যাত্রাপথকে আরও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয় বার্তায়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান মো. সাহাবুদ্দিন।
সেদিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেন। পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
উল্লেখ্য, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামে ফেসবুক পেজটি ১৪ আগস্ট চালু করা হয়েছিল এবং এতে প্রায় ৪৪ লাখের বেশি অনুসারী ছিল।



