রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসকদের ৯ নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:৪৪ পিএম

জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসকদের ৯ নির্দেশনা

ফাইল ছবি

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কিছু কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সংক্রান্ত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ দেশের সব জেলা প্রশাসক অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ যেন কোনোভাবেই না বাড়ে সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে জ্বালানি তেল ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—প্রতিদিন তেলের ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে প্রতিবেদন প্রদান করা, ডিপো থেকে পেট্রল পাম্পে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন ডিলার ও গ্রাহকের কাছে সরবরাহ ও বিতরণ তদারকি করা।

এছাড়া কোনো পেট্রল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা এবং ডিপোর সঙ্গে সরবরাহের হিসাব পুনরায় যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ মজুদদারি ও জ্বালানি তেলের পাচার বন্ধে কঠোর নজরদারি বাড়ানোর কথাও বলা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত দামের বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার এবং জেলা পর্যায়ে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব নির্দেশনা বাস্তবায়িত হলে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!