প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:৫৬ পিএম
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চিকিৎসা বিমানযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
জানা যায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জটিলতা ধরা পড়লে চিকিৎসকদের সিদ্ধান্তে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় পরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।



