প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২৪ পিএম
মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটসংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি অর্থবছরের সম্পূরক বাজেটসংক্রান্ত নির্দিষ্টকরণ অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। সংবিধান অনুযায়ী, কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা নির্ধারিত সীমার বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ না থাকায় নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে সংবিধানের বিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে পরিণত করার জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটসংক্রান্ত নির্দিষ্টকরণ অধ্যাদেশকেও আইনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের কথা থাকলেও সংসদ না থাকায় সেটিও সম্ভব হয়নি।
ফলে একই সাংবিধানিক বিধানের আওতায় অধ্যাদেশ জারি করা হয়, যা এখন আইনে রূপ পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সংসদ অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



