প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৯:০৯ এএম
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পর রাতেই নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
নতুন করে তিনজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদটি শূন্য হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান। দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাস পর তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগের দায়িত্বেই থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্বে পরিবর্তন এসেছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে সরকারের কার্যক্রমে নতুন গতি আনার প্রত্যাশা তৈরি হয়েছে।



