প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:০৮ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সেখান থেকে সরাসরি বাবা-মায়ের সমাধিস্থলে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়েও শ্রদ্ধা জানান।
এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি জাতীয় প্যারেড ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।



