প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৩ পিএম
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
এ প্রেক্ষিতে ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে শেরপুর-৩ আসনেও তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, পূর্বে নির্ধারিত নির্বাচন স্থগিত হওয়ায় শেরপুর-৩ আসনেও নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে।



