প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:৫৬ পিএম
সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত এই কমিটিতে সরকার ও বিরোধী—উভয় পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সব দলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো নিশ্চিত করার চেষ্টা থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলও এতে ইতিবাচকভাবে অংশ নেবে।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে বিরোধীদল। তাদের মতে, সংবিধানের মৌলিক সমস্যাগুলো কেবল সংশোধনের মাধ্যমে সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন ব্যাপক ও মৌলিক সংস্কার।
বিরোধীদলের সংসদ সদস্যরা আরও দাবি করেন, বর্তমানে যেভাবে সংশোধন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তার যথেষ্ট আইনি ভিত্তি নেই। তাই তারা ‘সংবিধান সংশোধন কমিটি’র পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি তুলেছেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার পূর্ববর্তী বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।



