প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৩২ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডিজেলের মজুদ সবচেয়ে বেশি রয়েছে, যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। পাশাপাশি অকটেনের মজুদ ১০ হাজার ৫০০ টন এবং পেট্রলের মজুদ প্রায় ১৬ হাজার টন রয়েছে।
তিনি আরও জানান, এপ্রিলে আরও জ্বালানি দেশে আসার কথা রয়েছে। অবৈধ মজুদ রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়।
জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, গত মাসে সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। তবে মে মাসের দাম নির্ধারণ নিয়ে কাজ চলছে। প্রয়োজন হলে মন্ত্রিপরিষদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দাম সমন্বয় করা হবে।



