প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৪৮ পিএম
বিসিএস পরীক্ষার সিলেবাসে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও কার্যকর করতে মুখস্থনির্ভর পদ্ধতির পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের জন্য গঠিত কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার ধারা বিশ্লেষণ করে সুপারিশ দেবে।
তিনি আরও জানান, শুধু লিখিত পরীক্ষাই নয়, মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন পদ্ধতিতে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিক সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে সরকার এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইতোমধ্যে ৫০তম বিসিএসের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে যোগ্য ও দক্ষ মানবসম্পদ বাছাই সহজ হবে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।



