রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত সার কারখানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:২৪ পিএম

কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত সার কারখানা

ছবিঃ সংগৃহীত

কাঁচামাল অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট সার উৎপাদনকারী কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কারখানা সূত্রে জানা যায়, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের দুটি সার কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই দুই কারখানা থেকেই ডাই-অ্যামোনিয়া ফসফেট কারখানার জন্য অ্যামোনিয়া সরবরাহ করা হতো। ফলে সেগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই কারখানায় কাঁচামালের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।

সংকট মোকাবেলায় কিছুদিন মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত সেই মজুদও ফুরিয়ে যাওয়ায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে প্রতিদিন প্রায় ৮০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার দুটি ইউনিট রয়েছে এবং ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে রয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, অ্যামোনিয়া সরবরাহ পুনরায় শুরু না হলে উৎপাদন চালু করা সম্ভব হবে না। এ অবস্থায় দেশের সার সরবরাহ ব্যবস্থা এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কাঁচামাল উৎপাদন শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!