প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:১৪ পিএম
আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও নির্ধারিত পোশাক বিতরণ শুরু করবে সরকার। পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম চালু করা হবে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুরুতেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে পাটের তৈরি ব্যাগ ও পোশাক বিতরণ করা হবে।
উপদেষ্টা আরও জানান, ধাপে ধাপে দেশের সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে শক্তিশালী করা হবে।
তিনি বলেন, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো সমাজে সমতা প্রতিষ্ঠা করা। একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহারের মাধ্যমে ধনী-দরিদ্রের পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হবে।
এছাড়া পাটজাত পণ্য ব্যবহারের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এতে পলিথিনের ব্যবহার কমবে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ ভবিষ্যতে সারাদেশে সম্প্রসারিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



