রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন চবির অধ্যাপক ড. শফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:১৫ পিএম

রাবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন চবির অধ্যাপক ড. শফিকুল ইসলাম

ছবিঃ প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আগামী চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাবিপ্রবির আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে অবসরের বয়স আগে পূর্ণ হলে সে সময় পর্যন্তই দায়িত্ব বহাল থাকবে। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নতুন দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। প্রতিটি দায়িত্ব মানুষকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। আমি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব বলে আশা করি।”

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!