প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:০০ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নতুন ব্যবস্থায় একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা পূর্বের তুলনায় প্রায় পাঁচ গুণ কম।
বুধবার দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের একটি মতবিনিময় সভায় অত্যন্ত সাধারণ খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল ও দই।
তার মতে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে কার্যকর ব্যয় ব্যবস্থাপনা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে।



