প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:১৩ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী এসব সংশোধন করে বাস্তবায়ন করবে বলেও জানান।
শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, বিগত সময়ে আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারেনি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক আচরণ করেছে।
তিনি আরও বলেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই-বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে। এসব আইনে যেন কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন না থাকে, সে জন্য পর্যালোচনা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। একটি স্বচ্ছ ও নৈতিক বিচারব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে এবং ‘ইন্টেলেকচুয়াল দুর্নীতি’ বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
দেশে বিভক্তির রাজনীতি তৈরি করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভাজন নয়, বরং সবাইকে জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে।
এ সময় তিনি যশোর কোর্টের ঐতিহ্য ফিরিয়ে আনা, বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের মৃত্যুর পর আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত, নার্গিস বেগম, গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানমসহ অন্যান্যরা।



