প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৪:০৭ পিএম
গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় কোনো গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে অতীতে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। বিচারপ্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হলেও তা থেমে নেই। ন্যায়বিচার নিশ্চিত করেই মামলাগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। তাড়াহুড়া করে প্রশ্নবিদ্ধ কোনো বিচার করতে চায় না সরকার।
তিনি জানান, গত ছয় মাসে পরিকল্পিত রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখ নামে এক ব্যক্তিকে গুম করার অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত চলছে।
ভুক্তভোগী পরিবারগুলোকে সরকার প্রয়োজনীয় আইনি সহায়তা দিচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কেউ গুমের শিকার না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী বক্তব্য দেন। নিখোঁজদের পরিবারের সদস্য ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।



