রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তিন বড় প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:৪৩ পিএম

তিন বড় প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: সেতুমন্ত্রী

ফাইল ছবি

দেশের তিনটি বড় অবকাঠামো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেতু বিভাগের অধীন গৃহীত গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্প—পদ্মা বহুমুখী সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ এবং ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ—নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলছে।

তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি টাকার বেশি, যা পরবর্তীতে কয়েক দফায় বৃদ্ধি পায়। একইভাবে কর্ণফুলী টানেল প্রকল্পের ব্যয়ও একাধিকবার বাড়ানো হয়েছে। আর ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের ক্ষেত্রেও প্রাথমিক ব্যয়ের তুলনায় বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এসব প্রকল্পে সম্ভাব্য অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সংসদে আলোচনায় উঠে এসেছে, বড় প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!