প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:১৬ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে আদালত কক্ষ থেকে হাজতখানায় আনা–নেওয়ার সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার ট্রাইব্যুনালের উপ-নিবন্ধক মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ২৯ এপ্রিল আসামিকে আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার পথে ওই দুই সদস্য অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবহির্ভূত আচরণে জড়ান। ধারণকৃত দৃশ্যচিত্রে তাদের এ আচরণ স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়েছে।
এদিকে আদালতে তোলার সময় সাবেক মন্ত্রী ইনুকে ‘চিন্তা না করতে’ বলার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।



