প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪৫ পিএম
আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হয়েছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং সব টিকা আগামীকালই দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে।
ভ্যাকসিন সংকট নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনকে ভুল তথ্যভিত্তিক বলে দাবি করে তিনি বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে এবং ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি জানান, গত ছয় বছরে কিছু এলাকায় টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় পুনরায় কর্মসূচি শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে এবং ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ শিশু টিকা পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু এই কর্মসূচির আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রোগীর চাপ সামাল দিতে অস্থায়ী তাঁবু স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।



