প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:৪৮ পিএম
পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সরকার এখন সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের নানা উদ্যোগের ফলে পুলিশ বাহিনী আবারও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ফিরেছে এবং জনগণের মধ্যেও পুলিশের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে, পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও প্রত্যাহার সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কারফিউ জারির সময় সেনাবাহিনী মাঠে নামে। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীকে দায়িত্বে রাখা হয়। পরে তাদের সীমিত বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছিল। বর্তমানে সেই ক্ষমতা আর কার্যকর নেই বলে জানিয়েছে সরকার।



