প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:০৭ পিএম
আসন্ন জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি পূরণ না হলে ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, আসন্ন জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও জানান, দাবি পূরণ না হলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সমাবেশে সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীরা অর্থনৈতিক সংকটে পড়েছেন। বর্তমান আয় দিয়ে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ বেড়ে যাওয়ায় কর্মচারীরা মানবিক সংকটে রয়েছেন।
নেতারা আরও বলেন, আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ নিশ্চিত করা হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার স্বস্তি পাবে। অন্যথায় তীব্র অসন্তোষ তৈরি হতে পারে বলেও তারা সতর্ক করেন।



