রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে মন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১১:৪২ পিএম

লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে মন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্যুৎ উৎপাদনের অভাবে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও প্রাথমিক জ্বালানির সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কাজ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু এলাকায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল গ্রামাঞ্চলে ৫ থেকে ৭ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ তুললে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ফলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো মূলত কারিগরি ত্রুটিজনিত সাময়িক বিভ্রাট, লোডশেডিং নয়।

তিনি আরও জানান, বর্তমানে দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। পাশাপাশি ৭ হাজার ৯২৮ মেগাওয়াট সক্ষমতার ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে, যা ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

মন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!