প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:৩৪ পিএম
কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। জাতীয় সংসদে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা।
তিনি বলেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর প্রশাসনের তত্ত্বাবধানে কয়েক দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে ওই এলাকায় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চলে বলে অভিযোগ রয়েছে। এসব বন্ধে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু লালন মাজার এলাকা নয়, বরং পুরো দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, মাদক নির্মূলকে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও সম্পৃক্তভাবে দেখছে। তার মতে, অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বৃদ্ধি পেলে সমাজ থেকে মাদকের বিস্তার কমানো আরও সহজ হবে।
তিনি আরও দাবি করেন, অতীতে দেশের বিভিন্ন পর্যায়ে মাদকের বিস্তার ঘটেছিল এবং এর সঙ্গে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের অনেকের সম্পৃক্ততা ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং দেশের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিবেশকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।



