প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:৪৭ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনলাইন প্ল্যাটফর্মে সরকারি নীতি, প্রতিষ্ঠান বা সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা কটূক্তিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মচারীদের আচরণ নির্ধারণে পূর্বে জারি করা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া প্রকাশ করা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কিছু শিক্ষক অনলাইন মাধ্যমে এমন মন্তব্য বা পোস্ট দিচ্ছেন, যা সরকারি আচরণবিধির পরিপন্থি বলে বিবেচিত হচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সুনাম ও সরকারি প্রতিষ্ঠানের মর্যাদার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হতে বলা হয়েছে। জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত পর্যবেক্ষণ কমিটিগুলোকে নিয়মিতভাবে অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কমিটিকে প্রতি মাসে সভা করে পরিস্থিতি মূল্যায়ন করার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে কোনো শিক্ষক যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের মতে, সরকারি কর্মচারীদের দায়িত্বশীল অনলাইন আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে করে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা হবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে।



