রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:১৬ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জোবাইদা রহমান। বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ অতিথি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় একটি শিশু ফুলেল শুভেচ্ছা জানিয়ে সফরসঙ্গীদের অভিনন্দন জানায়।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সফরকালীন সময়ে তিনি ও তার প্রতিনিধিদলের সদস্যরা অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় এই আনুষ্ঠানিক সফর অনুষ্ঠিত হচ্ছে। কূটনৈতিক মহলের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!