প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৪:২৮ পিএম
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানোর কার্যক্রম আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও সেবাসংস্থা (বোয়েসেল)-এর মাধ্যমে সীমিত ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং বৈধতা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কর্মী নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীর প্রভাব কমিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে ধারাবাহিক আলোচনা হয়েছে। এসব বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার আবারও সচল করা, কর্মী নিয়োগে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের ব্যয় কমানোর বিষয়ে উভয় দেশ ইতিবাচক অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি কর্মী নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে যোগ্য ব্যক্তিরা সহজ, নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। দালালচক্রের হয়রানি বা অতিরিক্ত অর্থ ব্যয়ের ঝুঁকি ছাড়াই যাতে কর্মীরা বিদেশে যেতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ড. মাহদী আমিন জানান, নতুন কর্মী পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, কল্যাণ এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি দ্রুত শেষ করে ধাপে ধাপে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান আলোচনা সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এতে একদিকে যেমন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও আরও শক্তিশালী হবে। সরকারের বিশ্বাস, স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে বিদেশগামী কর্মীদের জন্য একটি আস্থাশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।



