রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সমতার ভিত্তিতেই হবে বিদেশি চুক্তি: শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:২৮ পিএম

সমতার ভিত্তিতেই হবে বিদেশি চুক্তি: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সামনে চুক্তিগুলো উপস্থাপন করা হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনআস্থা আরও সুদৃঢ় হবে।

শনিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিনি প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, ভারসাম্যপূর্ণ এবং দেশের স্বার্থকেন্দ্রিক। কোনো অবস্থাতেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা উচিত নয়।

শফিকুর রহমানের মতে, বিদেশের সঙ্গে সম্পাদিত মৌলিক চুক্তি সংসদের বাইরে রেখে নয়, বরং সংসদের মাধ্যমে সম্পন্ন করা উচিত। এতে জনগণের প্রতিনিধিরা চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবেন এবং সরকারের কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। তিনি সংসদকে রাষ্ট্র পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে কার্যকর রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দুই দেশের সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এসব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। তবে এই সম্পর্ক আরও ফলপ্রসূ করতে দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে আমদানির তুলনায় রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে রপ্তানির খাত সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, সমতা ও উভয় দেশের স্বার্থ রক্ষার ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বাইরের প্রভাব বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমন কোনো চুক্তি করা উচিত নয়, যাতে একটি পক্ষ লাভবান হলেও অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ও বিরোধী দলকে প্রতিপক্ষ নয়, বরং দেশ গঠনের অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গঠনমূলক সহযোগিতার মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!