প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৯ পিএম
পুলিশ বাহিনীর পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যরা এখন থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন করবেন। নতুন বিধান কার্যকর হওয়ার পর বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাজধানীর পূর্বাচল নতুন শহর এলাকায় নবনির্মিত একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ নতুন পোশাকে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের নতুন পোশাক জনসম্মুখে প্রথমবারের মতো ব্যাপকভাবে নজরে আসে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন পোশাক ইতোমধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে প্রত্যেক সদস্যকে নতুন পোশাক দেওয়া হবে। যেসব সদস্য ইতোমধ্যে পোশাক পেয়েছেন, তারা নতুন নির্ধারিত পোশাকেই দায়িত্ব পালন করছেন।
এর আগে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে পোশাকের রঙ পরিবর্তন করা হয়েছিল। সে সময় শার্টের রঙ লোহা-ধূসর এবং প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়। পরে সেই পোশাক মাঠপর্যায়ে চালু হলেও বাহিনীর অনেক সদস্যের মধ্যে এ নিয়ে ভিন্নমত দেখা দেয়। নতুন পোশাকের রঙ ও নকশা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা এবং সমালোচনারও সৃষ্টি হয়।
পরবর্তীতে সরকার পরিবর্তনের পর পুলিশের পোশাক পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পোশাকের রঙ ও ব্যবহারবিধিতে সংশোধন আনে। নতুন নির্দেশনায় শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক এবং মাথার আবরণের ক্ষেত্রেও নতুন রঙ নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের প্যান্ট এবং গাঢ় নীল রঙের শার্ট বাধ্যতামূলক করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে কিছু পোশাকে হালকা জলপাই রঙও সংযোজন করা হয়েছে। নারী সদস্যদের জন্য শাড়ি, ব্লাউজ এবং প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া গর্ভবতী নারী সদস্যদের জন্য বিশেষ পরিস্থিতিতে সাধারণ পোশাক পরিধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, মৌসুমভেদে পোশাকের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহার করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই পোশাক বাহিনীর পেশাদার ভাবমূর্তি আরও সুসংহত করবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।



