প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৫:০২ পিএম
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১০৭ জনের মধ্যে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে চলমান সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্বেগ আরও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৮ জন। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ দুই সংখ্যা মিলিয়ে এক দিনেই নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই সকাল পর্যন্ত মোট ১১১ দিনের হিসাবে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামের কারণে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
একই সময়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৩৮৬ জন। এর মধ্যে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৩ হাজার ৯৬১ জন এবং পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। সেখানে ৪১২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৮৩ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই হামের বিস্তার নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।



