রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগে মানুষের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:৩৯ পিএম

দুর্যোগে মানুষের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাইল ছবি

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান দুর্যোগে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বন্যাদুর্গত এলাকায় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কাজ করছে। দুর্গত মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মাহদী আমিন মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের যেকোনো সংকটে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় বিভেদ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই সবার প্রধান দায়িত্ব হওয়া উচিত। সরকার, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!