প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১১:০২ এএম
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন তিনি।
সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃক্ষরোপণের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে ঢাকা মেডিকেল কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে নতুন দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় এসব আবাসিক ভবন নির্মাণ করা হবে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, গবেষণা ও চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে নতুন অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন হোস্টেল নির্মাণ হলে শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।



