রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৯ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৮:২০ এএম

৯ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা!

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা। সরকারি মালিকানাধীন এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়ন এবং খেলাপি ঋণের চাপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণের উচ্চ হার দেশের ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলা করে ব্যাংক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্যে ঋণ আদায় কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, একটি শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে খেলাপি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে আনা জরুরি। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারেও ব্যাংক খাতের সংস্কার এবং খেলাপি ঋণ কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের তথ্য দেওয়া হয়েছে, সেগুলো হলো— অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

এদিকে, সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছিল।

তিনি জানান, এসব অর্থের একটি বড় অংশ ব্যয় করা হয় সরকারি বিভিন্ন স্থাপনায় শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ, ছবি ও স্মৃতিফলক তৈরি এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনের মতো কাজে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ কমানো এবং সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি বর্তমানে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!