রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইউএস-বাংলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:২৬ এএম

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ফাইল ছবি

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি তাদের উড়োজাহাজ বহর বাড়াতে প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে বহরে নতুন করে যুক্ত হবে ২১টি আধুনিক বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। এর ফলে ইউএস-বাংলার বর্তমান উড়োজাহাজ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে দেশের বিমান পরিবহন খাতে সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক রুটে সেবার পরিধিও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, বিশ্বের শীর্ষস্থানীয় উড়োজাহাজ ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব উড়োজাহাজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে ইউএস-বাংলার। এসব বিমানবন্দর থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উড়োজাহাজ সংযোজন শুধু ব্যবসা সম্প্রসারণের অংশ নয়, এটি দেশের বিমান পরিবহন শিল্পের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বহরের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করা, নতুন আন্তর্জাতিক গন্তব্য চালু করা এবং বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নতুন উড়োজাহাজগুলোতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা যুক্ত থাকবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উন্নত কেবিন ব্যবস্থা, উন্নতমানের আসন এবং আধুনিক বিনোদন সুবিধা রাখা হবে। পাশাপাশি আকাশপথে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগও থাকবে। এর মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সময় যোগাযোগ ও বিনোদনের সুবিধা আরও সহজে উপভোগ করতে পারবেন।

ইউএস-বাংলার পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে পর্যায়ক্রমে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে। এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে পরিচালন সক্ষমতা বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু এবং কারিগরি বিভাগের জনবল নিয়োগের মাধ্যমে দেশের দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০, এয়ারবাস এ৩৩০-৩০০, এটিআর ৭২-৬০০সহ বিভিন্ন মডেলের উড়োজাহাজ রয়েছে। নতুন ২১টি উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ৪৬টিতে পৌঁছাবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে আরও নতুন আন্তর্জাতিক গন্তব্যে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বড় বিনিয়োগ দেশের বিমান পরিবহন খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!