রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

সংগৃহীত

দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ১৪ জনের শরীরে হামের সংক্রমণ অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত রোগ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে একজন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জন প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত একদিনে ১৬৬ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৪৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এক লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ৩ হাজার ৮৬৩ জন হাম অথবা এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ১৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের পাশাপাশি টিকাবঞ্চিত ব্যক্তিদেরও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাই জ্বর, শরীরে লালচে দানা, চোখ লাল হওয়া বা কাশি-সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!