প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৫:০১ পিএম
জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। রোববার দুপুরে দলটির পক্ষ থেকে প্রধান কৌঁসুলির কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান। তিনি দাবি করেন, জুলাইয়ের আন্দোলন চলাকালে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটলেও তৎকালীন রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তার ভাষ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার পরও তিনি নীরব ছিলেন।
হাসিনুর রহমান আরও বলেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিংবা নৈতিক অবস্থান স্পষ্ট করার সুযোগ ছিল। এমনকি দায়িত্ব পালন সম্ভব না হলে পদত্যাগের পথও তার সামনে খোলা ছিল। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় সংঘটিত ঘটনার দায় থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে পারেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তির দায়বদ্ধতার নীতির আলোকে সাবেক রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ের ঘটনাপ্রবাহ, দায়িত্ব পালনের ধরন এবং সাংবিধানিক কর্তব্য যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ আজাদ পার্টির নেতারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা।



