রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০১:৪৩ পিএম

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার

সংগৃহীত

দেশের প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, কোনো শিশুই যেন শারীরিক, সামাজিক কিংবা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্য নিয়েই সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বস্ত্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দুই হাত ছাড়া অসাধারণ সাফল্য অর্জনকারী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে প্রতিটি শিশুর মেধা, যোগ্যতা ও সম্ভাবনার যথাযথ বিকাশের সুযোগ থাকবে। তিনি আরও বলেন, শারীরিক সীমাবদ্ধতা কখনোই একজন মানুষের স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্র সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে প্রতিটি শিশু তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাফল্যের মূল ভিত্তি হলো অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিয়মিত শিক্ষাচর্চা। মনোযোগ ও পরিশ্রম থাকলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশ গবেষক কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও অধিষ্ঠিত হতে পারে। তাই নিজেদের লক্ষ্য অর্জনে কখনো হতাশ না হয়ে অবিচল থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আয়েশার সংগ্রামী জীবনের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়েশা প্রমাণ করেছেন যে প্রতিকূলতা জয় করা সম্ভব। তবে এমন সাফল্য যেন ব্যতিক্রমী ঘটনা হয়ে না থাকে, বরং দেশের প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যেন সমান সুযোগ পেয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়েশাকে গাইবান্ধা বিয়াম পরীক্ষাগার বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শ্রেণি তত্ত্বাবধায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে তিনি মেধা, যোগ্যতা এবং মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বস্ত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক ও সমতাভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!