রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাইয়ের দুই যোদ্ধাকে জীবিকার জন্য অটোরিকশা উপহার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৪:৫৬ পিএম

জুলাইয়ের দুই যোদ্ধাকে জীবিকার জন্য অটোরিকশা উপহার প্রধানমন্ত্রী

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও আন্দোলনের সময় মানুষের পাশে থাকা ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে দুই যোদ্ধার হাতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্রও দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সহায়তা পাওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি তিনি সিএনজি চালিয়ে নিজের ও পরিবারের ব্যয় বহন করতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। প্রধানমন্ত্রী তাঁকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন অটোরিকশার মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারের হাতে দুটি প্যাডেলচালিত রিকশা তুলে দেওয়া হয়। জুলাইয়ের আন্দোলনের সময় তিনি মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন। পাশাপাশি নিজের রিকশায় আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেন। উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ এবং অন্যটি ভাড়া দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুর জন্য দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের কল্যাণে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!