রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৫:১২ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৫ জনের শরীরে হাম অথবা এ রোগের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

নতুন মৃত্যুর ফলে গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। তাদের মধ্যে ৭৮৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪১ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। অর্থাৎ একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত বা শনাক্তের আওতায় এসেছেন এক হাজার ২৫ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মোট এক লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার ৪৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও দেখা যায়, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক লাখ ২১ হাজার ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তবে প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সামনে আসায় শিশুদের মধ্যে হাম নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!