প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৫:৫৩ পিএম
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপমহাপুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার মোট ২৩ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ে অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকার বিশেষ শাখায় পুলিশ সুপার হিসেবে, মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র্যাবের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে উপমহাপুলিশ পরিদর্শক, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলা পর্যায়ে দায়িত্বে পরিবর্তন এসেছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের কার্যক্রমে এ রদবদলের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।



