রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৯০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৯০০ ছুঁই ছুঁই

সংগৃহীত

দেশে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা ৯০০ ছোঁয়ার খুব কাছাকাছি।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮৭ শিশুর শরীরে। আর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা ৯৭২।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে চার শিশু। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৫ জনে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। দুই হিসাব মিলিয়ে মোট প্রাণহানি ৮৯৪।

শুধু আক্রান্তের সংখ্যাই নয়, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে। গত এক দিনে নতুন করে ৮৮৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৮৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের। আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের মধ্যে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং রোগ শনাক্তের ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর গুরুত্বও সামনে এসেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!