প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১০:৩১ এএম
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী কটিয়াদী, পাকুন্দিয়া ও জেলা সদরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সরকার গঠনের পর কিশোরগঞ্জে এটিই তাঁর প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর।
এরপর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক বিতরণ করা হবে।
দুপুরের পর জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বেলা আড়াইটার দিকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি জেলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, মৎস্য খাত, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ও সম্ভাব্য ঘোষণার দিকে নজর রয়েছে স্থানীয়দের।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



