রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের ছয় মাস পূর্তিতে বিশেষ মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১২:৫৯ পিএম

সরকারের ছয় মাস পূর্তিতে বিশেষ মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা শুরু হয়েছে। সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সভাটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত রয়েছেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও সভায় অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান এবং স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারও সভায় রয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সরকারের প্রথম ১৮০ দিনে নেওয়া বিভিন্ন উদ্যোগ, অর্জন, সংস্কার কার্যক্রম এবং বাস্তবায়নের অগ্রগতি সভায় তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জনপ্রশাসন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের ছয় মাস পূর্তিকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের তথ্য সংকলনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রথম ১৮০ দিনের কাজের বিবরণ জনগণের সামনে তুলে ধরার প্রস্তুতিও চলছে। ফলে এ সভাকে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!