প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১০:০৫ পিএম
বাংলাদেশের সব শ্রেণি-পেশা ও পরিচয়ের মানুষকে একটি অভিন্ন নাগরিক পরিচয়ের অধীনে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে বাংলাদেশি জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা নৃগোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে মানুষকে আলাদা না করে নাগরিক পরিচয়কে রাষ্ট্রের ঐক্যের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের মতো বৈচিত্র্যময় একটি দেশে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু—সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিচয়ভিত্তিক বিভাজনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে নানা মত, সংস্কৃতি ও পরিচয়ের মানুষের সহাবস্থান নিশ্চিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন সংকটের সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে রাজনৈতিকভাবে সুসংগঠিত করেন। নাগরিক পরিচয়কে জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে একটি ভিন্ন ধারার সূচনা করেছিলেন বলেও দাবি করেন তিনি।
বহুদলীয় রাজনীতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও বহুমতের সহাবস্থান নিশ্চিত করতে হয়। তাঁর মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন পরিচয় ও মতের মানুষের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একসঙ্গে থাকার সুযোগ তৈরি করা।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে খালেদা জিয়া এই রাজনৈতিক দর্শনকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এগিয়ে নিয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারার নেতৃত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু। অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।



