রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৬:২০ পিএম

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে: সেনাপ্রধান

সংগৃহীত

রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের এলাকাগুলোতে মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের অডিটরিয়ামে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক বিষয়েই সীমাবদ্ধ নেই; এর প্রভাব দেশের অর্থনীতি ও পরিবেশের ওপরও পড়ছে। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক পাচার ও চোরাচালানের মতো বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সেনাপ্রধান দেশের অন্যান্য চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। এর মধ্যে সীমান্তসংক্রান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন বিষয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ, জ্বালানি সংকটসহ নানা জাতীয় ইস্যুর উল্লেখ করেন তিনি।

এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলায় অভিজ্ঞতা, জ্ঞান ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের বিষয় নিয়ে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান একে অপরের সঙ্গে বিনিময়ের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে নিজ নিজ অবস্থান থেকে তারা দেশের সমস্যা সমাধান ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এবারের ক্যাপস্টোন কোর্সে অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার ৩৭ জন প্রতিনিধি অংশ নেন। ভিন্ন ভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের ফলে কোর্সটিতে বহুমাত্রিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে বলে জানান সেনাপ্রধান।

তিনি বলেন, দেশের নীতি প্রণয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের জ্ঞান কাজে লাগানো যেতে পারে। বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানও বক্তব্য দেন। তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আলোচনা ও ঐকমত্য তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, উন্নয়ন, কৌশলগত চিন্তা এবং বিভিন্ন খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!