রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১০:১৭ পিএম

বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেলেন মির্জা ফখরুল

সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সংসদ সদস্যদের মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের হিসাব অনুযায়ী, বিএনপির নির্বাচিত সাধারণ আসনের ২০৮ জন সংসদ সদস্য মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। দলের সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্যও তাঁকে ভোট দেন। সব মিলিয়ে বিএনপির নিজস্ব ভোট দাঁড়ায় ২৪৪টি।

এর বাইরে মির্জা ফখরুলের পক্ষে আরও ১১টি ভোট পড়েছে। এর মধ্যে জোটের শরিকদের কাছ থেকে তিনি পেয়েছেন তিনটি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি ভোট তাঁর বাক্সে পড়েছে। এ ছাড়া হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যও তাঁকে ভোট দিয়েছেন। ফলে দলীয় ২৪৪ ভোটের সঙ্গে অতিরিক্ত ১১ ভোট যোগ হয়ে তাঁর মোট ভোট দাঁড়ায় ২৫৫।

অন্যদিকে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। তাঁকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর মির্জা ফখরুলের সংসদ সদস্যপদ শূন্য হবে। একই সঙ্গে সরকারের মন্ত্রিসভায় থাকা তাঁর দায়িত্বও শেষ হবে। তাঁর শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বেরও অবসান ঘটবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!