প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৮:০৪ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এর কয়েক মিনিট পর সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে তিনি দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। শপথ গ্রহণের সময় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়।
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দরবার হলে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে বঙ্গভবনে দিনভর ছিল প্রস্তুতি ও আনুষ্ঠানিক ব্যস্ততা।
এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো।



