রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:১১ এএম

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ফাইল ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন। এ উপলক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে। সকালে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করার পর রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করবে।

এর মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার তাঁকে বিজয়ী ঘোষণা করেন। এর পর ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রবেশের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!