প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৫:২৬ পিএম
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনগণের আস্থা অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাতের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। পরে তিনি নির্বাচন কমিশনের চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা নিয়ে কমিশনের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন। এসব কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি এ সময় সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের জন্য কমিশনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে কমিশনকে সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।



